টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আফজাল, সম্পাদক মুকুল
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মো. আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের টুঙ্গিপাড়া প্রতিনিধি শওকত হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে প্রেস ক্লাবের সদস্যরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ চলাকালে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেস বৈরাগী, দিলীপ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম বাঁধন, নির্বাহী সদস্য ডা. ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে ইউএনও জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন। নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ওসি এবং উপস্থিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
ঢাকা/বাদল/রাজীব