গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে মায়ের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে মা রহিমা বেগমের (৮৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালাতক রয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি দান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বুধবার রাতে কথা-কাটাকাটি এক পর্যায়ে রহিমা বেগম ঝগড়া থামাতে যান। এ সময় নুরুল গাজী মাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী বলেন, ‘‘হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে।’’
গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/বাদল//
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী