মালদহে ২ বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
পশ্চিমবঙ্গের মালদহ টাউন রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের গভর্নমেন্ট রেল পুলিশ বা জিআরপি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় স্টেশন চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের প্রাথমিকভাবে আটক করেছিল জিআরপি।
মালদহ টাউন রেল স্টেশনের জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক। মাত্র দুদিন আগেই বৈষ্ণবনগর অথবা কালিয়াগঞ্জ সীমান্ত থেকে তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু ভারতের প্রবেশ করার পরেই তাদের অর্থ আত্মসাৎ করে দালাল তাদের ফেলে রেখে পালিয়ে যায়।
জিআরপি জানায়, দুই বাংলাদেশির নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরের বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাদের আদালতে হাজিরা করা হয়। আদালত তাদের সাত দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে।
ঢাকা/শাহেদ
বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার