চার যুগ পর ডাকনিরপাট বাজারে গরুর মাংস বিক্রি
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান রিসাদ ও ওসি আব্দুল্লাহ হিল জামান শুক্রবার উপস্থিত থেকে গরু জবাইয়ের স্থান নির্ধারণ করে দেন। এরপর জুম্মার নামাজের পর গরুর মাংস বিক্রি শুরু হয়।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলামের উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় চার দশক পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজারে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের পর বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে প্রতি কেজি ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ডাকনিরপাট বাজারে গরু জবাইয়ের উদ্যোগ নেওয়া হলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীর অংশগ্রহণে একাধিক বৈঠক হয়।
গত ১২ এপ্রিল কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিষয়টি সমাধানের দায়িত্ব নেন। এর পরদিন ১৩ এপ্রিল বিকেলে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান রিসাদ এবং নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামানের উপস্থিতিতে ডাকনিরপাট বাজারসংলগ্ন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমঝোতা বৈঠক হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সর্বদলীয় নেতাদের পাশাপাশি মুসলিম ও হিন্দু (সনাতন) সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে প্রথমে ২১ এপ্রিল পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হলে স্থানীয়দের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দেয়।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান রিসাদ ও ওসি আব্দুল্লাহ হিল জামান উপস্থিত থেকে গরু জবাইয়ের স্থান নির্ধারণ করে দেন। এরপর জুম্মার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মাংস বিক্রি শুরু হয়।
স্থানীয় মাওলানা ফিরদাউস হাসান বলেন, “দীর্ঘদিন ধরে এখানে মাংস বিক্রি বন্ধ ছিল। আজ আবার শুরু হয়েছে। মানুষ তাদের সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে।”
ওই ওয়ার্ডের ইউপি সদস্য গয়ানাথ সরকার বলেন, “বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে একাধিক সালিশ বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপে গরুর গোশত বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে।”
নাগেশ্বরী থানার ওসি জামান বলেন, “এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ায় আগে এখানে গরু জবাই করা হয়নি। তবে এখন দুই সম্প্রদায়ের সমঝোতায় মাংস বিক্রি শুরু হয়েছে।”
ঢাকা/বাদশা/রাসেল
জিলকদ মাস শুরু সোমবার