ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টোকেন তোলা হয়নি মোস্তাফিজুরের, লিটন-মিরাজ রূপগঞ্জে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১৯ এপ্রিল ২০২৬  
টোকেন তোলা হয়নি মোস্তাফিজুরের, লিটন-মিরাজ রূপগঞ্জে

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে (রোববার) লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ খুঁজে পেয়েছেন ঠিকানা। সীমিত পরিসরের দুই ফরম্যাটের দুই অধিনায়ককে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিকে তারকা ক্রিকেটারদের মধ্যে কেবল মোস্তাফিজুর রহমানের দলবদল হয়নি।

গতবার মোস্তাফিজুর চার ম্যাচ খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। এবার মোহামেডান তাকে পেতে আগ্রহ দেখায়নি। তাকে ছেড়ে দিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি। তবে দলবদলের দুই দিনে বাঁহাতি পেসারের জন্য কোনো টোকেনও তোলা হয়নি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সমন্বয়ক রাসেল এ খবর নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিয়ম অনুযায়ী, মোস্তাফিজুর এখনও মোহামেডানেরই খেলোয়াড়। মোহামেডান চাইলে তাকে খেলাতে পারবে, না চাইলে খেলাবে না। অন্য ক্লাবেরও সুযোগ আছে মোস্তাফিজুরকে নেওয়ার। সেক্ষেত্রে মোহামেডানের ছাড়পত্র লাগবে। মোস্তাফিজুরকে মোহামেডান রিলিজ করলেই ঢাকা লিগে এ বছর তিনি খেলতে পারবেন। ক্লাবটির টিম অফিসিয়াল জিয়াউর রহমান তপু রাইজিংবিডিকে বলেছেন, ‘‘আমরা মোহামেডান এবার মোস্তাফিজুরকে নেইনি। তাকে ছেড়ে দিয়েছি। অন্য ক্লাবের সঙ্গে তার কথা চলছিল শুনেছিলাম। তবে এখনও যদি তাকে কেউ না নিয়ে থাকে এবং তার টোকেনও যদি না তুলে থাকে তাহলে সে মোহামেডানেরই খেলোয়াড়। আমাদের থেকে ছাড়পত্র নিয়েই তাকে অন্য ক্লাব খেলাতে পারবে। আবার আমরা চাইলে তাকে পরে খেলাতেও পারবো।’’

ঢাকা লিগ শুরু হচ্ছে ৫ মে থেকে। ওই সময়ে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট চলবে। তবে মোস্তাফিজুর যেহেতু টেস্ট খেলেন না তার ঢাকা লিগের শুরু থেকেই খেলার সুযোগ ছিল। কিন্তু নিজের আগ্রহতেই পঞ্চাশ ওভারের ক্রিকেটে দেশের একমাত্র প্রতিযোগিতা এড়িয়ে যাচ্ছেন। একাধিক সূত্র থেকে জানা গেছে, নিজের পারিশ্রমিক উচ্চমূল্য দাবি করছেন মোস্তাফিজুর। এজন্য একাধিক ক্লাবের আগ্রহ থাকলেও কেউেই শেষ পর্যন্ত রাজি হয়নি তাকে নিতে।

গতকাল প্রথম দিনে ৭৯ ক্রিকেটারের দলবদল হয়েছিল। আজ ৫৬ দলের দলবদল হয়েছে। সব মিলিয়ে দুদিনে ১৩৫ ক্রিকেটার দল পাল্টেছেন। দল বদলের পর লিটন বলেছেন, ‘‘আমরা যদি সবাই এক হয়ে খেলতে পারি আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারব। প্রথমে আমাদের জাতীয় দলের দায়িত্ব। এরপর কয়টা ম্যাচ খেলতে পারি বোঝা যাচ্ছে না। তবে সুযোগ পেলে অবশ্যই ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করবো।’’

মিরাজ বলেছেন, ‘‘আমি প্রথমবার রূপগঞ্জে খেলছি এবং আমরা জানি যে ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক বেশি। এবং তিনি যেভাবে দীর্ঘ অনেক দিন দল করেছেন এবং অনেক দলে চ্যাম্পিয়ন করেছেন। অবশ্যই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। ভালো দল হয়েছে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়