ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দশম ওয়েজ বোর্ড গঠনে শিগগির কাজ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১৯ এপ্রিল ২০২৬  
দশম ওয়েজ বোর্ড গঠনে শিগগির কাজ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণের জন্য দশম মজুরি বোর্ড (ওয়েজ বোর্ড) গঠনের কার্যক্রম শিগগির শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। 

আরো পড়ুন:

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।

লিখিত জবাবে তথ্যমন্ত্রী বলেন, সর্বশেষ নবম ওয়েজ বোর্ড গঠনের পর ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর তার গেজেট প্রকাশ করা হয়। এরপর থেকে সাংবাদিকদের বেতন কাঠামো হালনাগাদ করার বিষয়ে নতুন বোর্ড গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে প্রেক্ষাপটে দশম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল’ গঠন, হামলা কিংবা ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা।

সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, জরুরি কল্যাণ সহায়তা এবং জেলা পর্যায়ে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার কাজও চলছে বলে জানান মন্ত্রী।

টেলিভিশন চ্যানেলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে চারটি সরকারি টিভি চ্যানেল রয়েছে। বেসরকারি খাতে ৫৫টি চ্যানেল অনুমোদন দেওয়া হলেও বর্তমানে ৩৭টি চ্যানেল সম্প্রচারে রয়েছে। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের আবেদন আপাতত বিবেচনাধীন নেই।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়