ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১৯ এপ্রিল ২০২৬  
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এলপিজির দাম বৃদ্ধির দিনে রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

আরো পড়ুন:

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দিনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, এলপিজির বাজারে সরকার নির্ধারিত মূল্য বজায় রাখা এবং কৃত্রিম সংকট রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে জেলা প্রশাসনকে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

এলপিজি অপারেটরদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এবং বিইআরসিকে অনুরোধ জানানো হয়েছে বলে তুলে ধরেন মন্ত্রী ইকবাল হাসান।  

তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং মজুদদারি বা অনিয়ম ধরা পড়লে জরিমানা ও সাময়িকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারা দেশে নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করছে বলে জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, দেশের এলপিজি বাজার প্রায় ৯৮.৬৭ শতাংশই আমদানিনির্ভর। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে আমদানির তথ্য নিয়মিত বিশ্লেষণ করা হচ্ছে এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে আমদানিকারকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনে বিইআরসিকেও জানানো হচ্ছে।

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। বর্ধিত দাম রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হ‌য়েছে।

এক মাসেই দ্বিতীয়বারের মতো ১৯ এপ্রিল এসে আবার এলপিজি দাম বাড়ানো হলো। এবার ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হলো।

র‌বিবার (১৯ এপ্রিল) বিকা‌লে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয়।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়