খাগড়াছড়ির রামগড়ে স্কুল ভবন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোঃ শহীদুল ইসলাম ও মোঃ শাহজাহান জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রথম আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের আশেপাশে লোকজন কম থাকায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। আগুনে প্রধান শিক্ষকের কক্ষসহ কয়েকটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে মূল্যবান আসবাবপত্র, কম্পিউটার এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। তবে, আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিশান্ত বড়ুয়া জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন ১০২-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে বিদ্যালয়ের ছয়টি কক্ষ পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, “অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সংস্কার কাজ শেষ করে পুনরায় পাঠদান কার্যক্রম শুরু করার চেষ্টা করা হবে।”
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতারা, জনপ্রতিনিধি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা/রূপায়ন/জান্নাত