আষাঢ় কথা রাখলো, রাজশাহীতে স্বস্তির বৃষ্টি
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিকেলে রাজশাহীতে স্বস্তির বৃষ্টি নামে।
বাংলা পঞ্জিকায় সোমবার (১৫ জুন) ছিল পয়লা আষাঢ়। বর্ষা ঋতু শুরু। রাজশাহীতে সকাল থেকে রোদ ছিল। বেলা গড়াতে বাড়ে তাপমাত্রা। স্বস্তি পাওয়া যায় বিকেল থেকে। বিকেলের পর থেকে শীতল হতে শুরু করে প্রকৃতি।
এ দিন রাজশাহীতে দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে বৃষ্টি হয়েছে আট মিলিমিটার।
বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহীতে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কৃষি বিভাগ বলছে, দুই দিনের বৃষ্টি কৃষির জন্য সুফল বয়ে আনবে।
তাপপ্রবাহ পেরিয়ে বরিষধারা স্বস্তি নিয়ে এসেছে নগরবাসীর জীবনে। গাছের ভেজা সবুজ পাতা আর মেঘলা আকাশ মনকে প্রশান্তি দিয়েছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল রাজশাহীর জনজীবন। টানা তিন দিন মৃদু তাপপ্রবাহের পর নামে স্বস্তির বৃষ্টি। নগরীতে বৃষ্টি শুরু হয় বিকেল ৫টা থেকে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলে আধাঘণ্টা। বৃষ্টিতে ভিজে যায় রাজশাহীর রাজপথ, ঘরবাড়ি ও ক্লান্ত প্রকৃতি।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ সোমবার ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ রয়েছে। বৃষ্টি হতে পারে। এছাড়া চলতি সপ্তাহজুড়ে রাজশাহী ও আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে তাপপ্রবাহও থাকবে।
এই বৃষ্টি ফসলের জন্য উপকারী বলছেন কৃষি কর্মকর্তারা। রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ও সোমবারের বৃষ্টি ফসলের জন্য উপকারী। এখন আম নামতে শুরু করেছে। এতে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এই বৃষ্টিতে আম, পাট, তিল ও ভুট্টাসহ অন্যান্য সবজি জাতীয় ফসলের চাষিরাও উপকার পাবেন।
ঢাকা/মাহী/বকুল
রাজধানীর ৪ আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর