ময়মনসিংহে এবার ট্রেনের ইঞ্জিনে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আঠারবাড়ী স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।
ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে এবার বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ী স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ী স্টেশন সংলগ্ন এলাকায় আসতেই হঠাৎ ইঞ্জিনে আগুন থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে।
বিকল্প ইঞ্জিনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহে আনা হবে। এরপর ময়মনসিংহ- চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সচল হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ী বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়।
পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনের হুক লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচর বন্ধ ছিল।
ঢাকা/মিলন/বকুল
হামে আরো ৪ শিশুর মৃত্যু