দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে বাংলাদেশের প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে মাইকেল মিলার বলেন, “দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত।দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগ চলাকালে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে বাংলাদেশের কার্যক্রম অন্য অনেক দেশের জন্য অনুসরণীয় উদাহরণ।”
তিনি বলেন,“ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান, আধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম, উদ্ধার সক্ষমতা বৃদ্ধি এবং রেসকিউ সেন্টার উন্নয়নের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আরো সহযোগিতা দিতে আগ্রহী।”
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন,“নির্বাচিত সরকারের সময়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো নিবিড় ও গভীর হবে।”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় মন্ত্রী বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি