অস্ট্রেলিয়া দল চট্টগ্রামে, সন্ধ্যায় পৌঁছাবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার (১৫ জুন) বেলা তিনটার দিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এসে পৌঁছান।
ঢাকায় অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি পর্ব বন্দরনগরীতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত সূচি অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রামে পৌঁছাবে। এরপর উভয় দল সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে আগামীকাল অনুশীলনে অংশ নেবে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। সবগুলো ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর চট্টগ্রামে দুই দলের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজন হওয়ায় দর্শকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
ঢাকা/রেজাউল/ফিরোজ