ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৫ জুন ২০২৬   আপডেট: ১৩:৪৮, ১৫ জুন ২০২৬
সংসদে হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান বিএনপির সংসদ সদস্য মনিরুল হকের হিজাব-সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো পড়ুন:

রবিবার (১৫ জুন) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিল চলাকালে তারা ‘পর্দা মায়ের অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘হিজাব-নিকাব বিদ্বেষ রুখে দাও বাংলাদেশ’, ‘ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে বক্তারা হিজাব নিয়ে করা মন্তব্যকে নিন্দনীয় উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ব্যক্তি স্বাধীনতার কথা বলা হলেও হিজাবের ক্ষেত্রে সেই স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে। এ ধরনের মন্তব্যকে ইসলামবিদ্বেষী বলেও আখ্যা দেন তারা।

বিক্ষোভ শেষে শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, “যে বিএনপি আগে মজলুম ছিল, সেই বিএনপি আজ ক্ষমতা পেয়ে ইসলামবিদ্বেষী রূপে আবির্ভূত হয়েছে। বিএনপি আপাদমস্তক ইসলামবিদ্বেষী ও হিজাববিদ্বেষী রূপ ধারণ করেছে। আপনারা আজ সংসদে দেখেছেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীও মনিরুল হকের বক্তব্যের সাফাই গেয়েছেন। তার বক্তব্যে বিএনপির নারী এমপিরাও তামাশা করেছেন। আপনারাও আজ হিজাব নিয়ে কটূক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এ কটূক্তির তীব্র নিন্দা জানাই।”

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, “মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বোরকা ও হিজাব নিয়ে কটূক্তি করেছেন। ইসলামী ছাত্রশিবির এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নির্বাচনের আগে আপনারা বলেছিলেন, মদিনার সনদের আদলে রাষ্ট্র পরিচালনা করবেন। মাথায় টুপি পরে দেশের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের কথা বলেছেন। কিন্তু আজ আমরা দেখছি, জাতীয় সংসদে গিয়ে আপনারাই ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।”

তিনি আরো বলেন, “বর্তমান প্রেক্ষাপটে আপনারাই বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মব্যবসায়ীতে পরিণত হয়েছেন। মনিরুল হক চৌধুরী তার বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা ধরে নেব, এটি শুধু তার ব্যক্তিগত বক্তব্য নয়; বরং বিএনপির অবস্থানেরই প্রতিফলন।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও রাবি শাখার সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আজ সংসদে পর্দা সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে, তা প্রমাণ করে বিএনপি শুধু ব্যক্তিগতভাবে নয়, দলীয়ভাবেও ইসলামবিদ্বেষী মনোভাবের পরিচয় দিয়েছে। বিএনপি নিজেদের, জনগণের এবং দেশের সমস্যার সমাধান না করে সংসদে বিরোধী দলের দোষ খুঁজে বেড়াচ্ছে।”

তিনি আরো বলেন, “ইসলাম শুধু জামায়াতে ইসলামীর নয়, ইসলাম শুধু ছাত্রশিবিরেরও নয়। আজ পর্দার বিরুদ্ধে কথা বলে সারা বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। পর্দার বিরুদ্ধে বক্তব্য দেওয়া বিএনপিকে জনগণের কাছে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত।”

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়