সভানবার্গের যে রেকর্ড ছাপিয়ে গেল সুইডেনের গোলবন্যাকে
বিশ্বকাপে এফ গ্রুপের ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে সুইডেন উড়ন্ত সূচনা করেছে। তবে হাই স্কোরিং এই ম্যাচের মূল আকর্ষণ ছিল মাটিয়াস সভানবার্গের গোলটি। ম্যাচের ৮৪তম মিনিটে করা এই গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করেছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, বলটি সভানবার্গের কাছে যাওয়ার আগে আলেকসান্দার ইসাকের বুটের আগা স্পর্শ করেছিল। খালি চোখে বিষয়টি ধরা না পড়লেও প্রযুক্তির সহায়তায় গোলের স্বীকৃতি দেওয়া হয়।
আর এই গোলের মাধ্যমেই বিশ্বকাপ ইতিহাসে বিশেষ এক রেকর্ডের অংশ হয়ে গেছেন সুইডিশ মিডফিল্ডার। বিবিসির তথ্য অনুযায়ী, মাঠে নামার মাত্র ১২ সেকেন্ডের মাথায় গোল করেন সভানবার্গ, যা বিশ্বকাপে বদলি খেলোয়াড় হিসেবে দ্রুততম গোলের রেকর্ড।
তবে সময়ের হিসাব নিয়ে কিছুটা ভিন্নমত রয়েছে। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার দাবি, সভানবার্গ গোল করেছেন ১৮ সেকেন্ডে। সে হিসেবে এটি হবে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বদলি গোল। অপটার তথ্যমতে, ২০০২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে উরুগুয়ের রিচার্ড মোরালেস বদলি নেমে ১৬ সেকেন্ডে গোল করেছিলেন। আবার ইএসপিএনের হিসাব বলছে, সভানবার্গের গোলটি এসেছে ১৬ সেকেন্ডে। ফলে চূড়ান্ত রেকর্ড নির্ধারণে এখন অপেক্ষা করতে হবে ফিফার আনুষ্ঠানিক পরিসংখ্যানের জন্য।
রেকর্ডের আলোয় থাকা এই ম্যাচে সুইডেন তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। দলের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। এছাড়া একটি করে গোল করেন আলেকসান্দার ইসাক, ভিক্টর ইয়োকেরেস এবং মাটিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার একমাত্র গোলটি করেন ওমর রেকিক।
এই জয়ের ফলে এফ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে সুইডেন। একই গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ও জাপান ২-২ গোলে ড্র করায় সুবিধাজনক অবস্থানেই রয়েছে সুইডিশরা। ২০ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সুইডেন, আর একদিন পর জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া।
ঢাকা/নাভিদ