ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাকসুর উদ্যোগ চবিতে আইনি সহায়তা কর্মসূচি

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৫ জুন ২০২৬  
চাকসুর উদ্যোগ চবিতে আইনি সহায়তা কর্মসূচি

শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা ও প্যানেল ডিসকাশন’-এর আয়োজন করেছে। এতে শিক্ষার্থীদের বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়।

চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে এবং আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম।

অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, “শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনেক সময় সঠিক আইনি পরামর্শের অভাবে শিক্ষার্থীরা নানা জটিলতায় ভোগেন। দক্ষ আইনজীবীদের মাধ্যমে ক্যাম্পাসেই এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।”

অধ্যাপক মো. সফিকুল ইসলাম বলেন, “প্রশাসন সবসময় এ ধরনের ছাত্রবান্ধব ও গঠনমূলক কাজের পাশে থাকবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহযোগিতা পাবে এবং বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে নিতে পারবে। পাশাপাশি নানা বিষয়ে আরো সচেতন হবে।”

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, “চাকসু সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো আইনি প্রয়োজনে দক্ষ আইনজীবীদের পরামর্শ সহজলভ্য করতেই আমাদের এই আয়োজন।”

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি পৃথক ডেস্কের মাধ্যমে প্রাথমিক আইনি পরামর্শ দেওয়া হয়। জমিজমা-সংক্রান্ত বিরোধ, নারী ও শিশুবিষয়ক সমস্যা, পারিবারিক ও উত্তরাধিকার-সংক্রান্ত বিষয়, ফৌজদারি মামলা এবং অন্যান্য দেওয়ানি মামলাসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের পরামর্শ প্রদান করেন আইনজীবীরা।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়