ইন্টার্নশিপ প্রস্তুতিতে ডিআইইউর আয়োজন
ডিআইইউ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ইন্টার্নশিপ প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনায় শিক্ষার্থীদের সহায়তা করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো ‘ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০: ইন্টার্নশিপ প্রিপারেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।
আগামী ২০ জুন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য ডিআইইউ বিজনেস ক্লাবের উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিসিইএল ভবনে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্নকারী এবং ইন্টার্নশিপ প্রত্যাশীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
আয়োজন সম্পর্কে ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ শোয়েব বলেন, “অনুষ্ঠানে কীভাবে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাওয়া যায়, কার্যকর আবেদন কৌশল, বাস্তব অভিজ্ঞতা বিনিময়, ইন্টার্নশিপ খোঁজার সময় সাধারণ ভুল এড়িয়ে চলার উপায় এবং অভিজ্ঞ ইন্টার্নদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। পাশাপাশি করপোরেট জগত সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা আরো সমৃদ্ধ হবে বলে আমরা আশা করছি।”
এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন পোর্টাল রাইজিংবিডি ডটকম এবং পাবলিসিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)। এছাড়া, সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে শম্ভব।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা অর্জনে সহায়তা করবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় কার্যকর দিকনির্দেশনা দেবে।
ঢাকা/ফয়সাল/জান্নাত
হামে আরো ৪ শিশুর মৃত্যু