দেশজুড়ে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। তবে এই বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত ও ভারী বর্ষণের শঙ্কাও। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
এতে আরো বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।
এদিকে, আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে তাপমাত্রা কিছুটা কমে এলেও বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
ঢাকা/রায়হান/ইভা