ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার মিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক আইনের মামলায় পূর্বভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আক্তার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার ভুবন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আক্তার মিয়া কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহ আলম পাঠান। গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আক্তার মিয়া মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভুবন গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আক্তার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) তাকে আদালতে পাঠানো হবে।”
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ
২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল: প্রধানমন্ত্রী