স্কুলছাত্রকে যৌন নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
রাজধানীর গুলশানে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মঈনুদ্দিন চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার সকালে রাজধানীর শাহজাদপুরে নিজ বাসা থেকে মঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশের একটি দল। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মঈনুদ্দিন কর্পোরেট ট্রেইনার। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
শাহজাদপুরের একটি বাড়িতে ভুক্তভোগী কিশোরের পরিবারের পাশের ফ্ল্যাটের থাকেন অধ্যাপক মঈনুদ্দিন। বাসার প্লে গ্রাউন্ডে খেলার সময় ওই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয় মঈনুদ্দিন। এ বিষয়ে যেন কাউকে না জানানো হয়, সেজন্য ভয় দেখায়।
এ ঘটনার পর ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, ঘুমের মধ্যে কাঁদে, রাতে ভয়ে চিৎকার করে ওঠে এবং ভয় পেলেই অজ্ঞান হয়ে যায়। পরে ওই কিশোর বিষয়টি জানালে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা।
ঢাকা/এমআর/রফিক