সংসদে রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘বিতর্কিত অঙ্গভঙ্গির’ নিন্দা
রবিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় সরকার দলীয় সদস্যরা কিছু বিতর্কিত অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ এনে নিন্দা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় সরকার দলীয় কিছু সদস্যের ‘বিতর্কিত অঙ্গভঙ্গি’ নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা ও ধারাবাহিকতা (সিরিয়ালিটি) নিশ্চিত করতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই বিষয়ে বক্তব্য দেন শফিকুর রহমান।
তিনি বলেন, “কোনো সংসদ সদস্যের বক্তব্যের সময় এই ধরনের অঙ্গভঙ্গি সংসদের মর্যাদার পরিপন্থি। আমি দেখেছি, চার-পাঁচবার নির্বাচিত সদস্যদেরও কেউ কেউ এমন কাজ করেছেন, যা প্রত্যাশিত নয়।”
সংসদে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বারবার সতর্ক করার পরও এমন আচরণ হতাশাজনক।
বিরোধীদলীয় নেতা আরো বলেন, সংসদে কে কখন কথা বলবেন এ বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে বক্তব্য দেওয়ার সুযোগ বণ্টনে বৈষম্য দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।
এ বিষয়ে স্পিকার সংসদের সদস্যদের শিষ্টাচার মেনে চলার এবং কার্যপ্রণালি বিধি অনুসরণ করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি নতুন সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, বর্তমান সংসদে বিপুলসংখ্যক নতুন সদস্য রয়েছেন, যারা নিজেদের নির্বাচনি এলাকা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চান। কিন্তু অনেকেই এখনো বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।
তিনি প্রস্তাব করেন, যারা আগে নোটিশ দেবেন, তাদের বক্তব্যের সুযোগও যেন সেই ক্রমানুসারেই দেওয়া হয়। এতে নতুন সদস্যদের অংশগ্রহণ বাড়বে এবং সংসদের কার্যক্রম আরো প্রাণবন্ত হবে।
ঢাকা/এএএম/রাসেল