ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৮ জুন ২০২৬  
কক্সবাজারে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেধা কচ্ছপিয়া এলাকার পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাস চালক মোহাম্মদ আলী এবং মোহাম্মদ ইয়াহিয়া নামে এক শিশু। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো পড়ুন:

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বিকেল ৩টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী দূরপাল্লার এভারগ্রিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা এ সালাম পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে লোকাল বাসের চালক মোহাম্মদ আলী ও এক শিশু নিহত হন। এ সময় বাস দুটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। সংঘর্ষের আঘাতে লোকাল বাসটির ছাদের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

ওসি আরো জানান, খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে। পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ঢাকা/তারেকুর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়