গেন্ডারিয়ায় যুবক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার
রাজধানীর গেন্ডারিয়ায় আব্দুল মান্নান (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম রাজন দেওয়ান সুমন ওরফে বাঘা (২৭)।
সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।
র্যাব-১০ জানায়, ঈদুল আজহার প্রায় এক সপ্তাহ আগে নিহত আব্দুল মান্নানের বন্ধু রাজন দেওয়ান সুমন ওরফে বাঘার সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটি হয়। গত রবিবার আব্দুল মান্নান দুপুরের খাবারের উদ্দেশ্যে মীর হাজিরবাগ মেসে যাওয়ার পথে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান, রাজন দেওয়ান সুমনসহ কয়েকজন একজন পাগলকে মারধর করছেন। এতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে পূর্বশত্রুতার জেরে রাজন দেওয়ান সুমন আব্দুল মান্নানের বাম পায়ের নিতম্বের নিচে ধারাল চাকু দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে রাজন দেওয়ান সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকা/এমআর/এসবি
২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন