ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিন মাস মাছ ধরা যাবে না কাপ্তাই হ্রদে 

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২০ এপ্রিল ২০২৬  
তিন মাস মাছ ধরা যাবে না কাপ্তাই হ্রদে 

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে পরবর্তী তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দারসহ ব্যবসায়ী নেতারা।

বৈঠকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪ এপ্রিল মধ্যরাত থেকে তিন মাস হ্রদে মৎস্য আহরণ, বিপণন, সংরক্ষণ ও পরিবহণের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ সময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা (চাল) দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএফডিসির রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানিয়েছেন, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকবে। আগামী ৩১ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। 

ঢাকা/শংকর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়