ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জুলাই সন‌দের প্রত্যেকটি শব্দ এক এক করে বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:৩০, ২০ এপ্রিল ২০২৬
জুলাই সন‌দের প্রত্যেকটি শব্দ এক এক করে বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ; প্রত্যেকটি অক্ষর আমরা এক এক করে বাস্তবায়ন করব।”

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএন‌পি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ভাষণের শুরুতে তারেক রহমান ব‌লেন, “দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশে বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং ভোটাধিকার হরণ করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল ধীরে ধীরে আন্দোলন গড়ে তোলে এবং ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে যে‌তে বাধ্য হ‌য়ে‌ছি‌ল। বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার ও কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছে।”

প্রধানমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে উন্নয়নের নামে বড় বড় প্রকল্পের আড়ালে দুর্নীতি হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। দেশের মানুষ সে‌টি দেখেছে।”

তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং স্পষ্টভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।”

সরকার গঠনের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, “ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে।”

তিনি বলেন, “১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতিও সরকার গঠনের প্রথম দশ দিনের মধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। যার ফলে সারা দেশে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।”

খাল খনন কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বন্যা ও খরার সমস্যা মোকাবিলায় পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর কাজ শুরু হয়েছে। এসব উদ্যোগের সঙ্গে দেশের খেটে খাওয়া মানুষের সরাসরি সম্পর্ক রয়েছে।”

কর্মসংস্থান বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “বিদেশে স্বল্প খরচে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়াতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং শিগগিরই এ বিষয়ে সুখবর দেওয়া হবে।”

জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন, “২০১৬ সালে খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ উপস্থাপন করেছিলেন, যার ধারাবাহিকতায় বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনে বিএনপি তাদের প্রস্তাবনা উপস্থাপন করে এবং মতপার্থক্যের বিষয়গুলো তুলে ধরে। ওই আলোচনার পর সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয় এবং বিএনপি এতে স্বাক্ষর করে। এই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা এক এক করে বাস্তবায়ন করব।”

এ সময় তিনি অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক দল শুধুমাত্র সংবিধান ইস্যু সামনে এনে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার বিষয় যেমন স্বাস্থ্য, প্রশাসন, আইনশৃঙ্খলা বা নারী উন্নয়ন নিয়ে কথা বলছে না। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”

সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তিগত বা পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এ বিষ‌য়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তারেক রহমান বলেন, জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা বাস্তবায়নই সরকারের লক্ষ্য। সেই সঙ্গে বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, কৃষিপণ্য রপ্তানির জন্য কার্গো সুবিধা চালু এবং বগুড়া বিশ্ববিদ্যালয়ে কৃষি ও চিকিৎসা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এর আগে, বেলা সোয়া ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্মিত আধুনিক ভবনের নামফলক উন্মোচন করেন। পরে আদালত চত্বর থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর বগুড়াকে সিটি ঘোষণা করেন তিনি।

দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যান প্রধানমন্ত্রী। সেখানে হাম ও রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে নশিপুর চৌকিরদহ খাল খনন কাজ এবং স্থানীয় দুঃস্থ মায়েদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

সফরে তার সঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়