ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ডুবছে শত শত বিঘা আধা পাকা ধান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২০ এপ্রিল ২০২৬  
গাজীপুরে ডুবছে শত শত বিঘা আধা পাকা ধান

পানি ঢোকায় ক্ষেতের আধা পাকা ধান কেটে ফেলছে কৃষক।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বোয়ালী এলাকায় উজান থেকে নেমে আসা স্রোতে শত শত বিঘার আধা পাকা ধান ডুবে গেছে। বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করেও ধানের জমি রক্ষা করা যাচ্ছে না। অনেকে বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে ফেলছে।

রবিবার (১৯ এপ্রিল) রাত পর্যন্ত সব স্বাভাবিক ছিল। অনেকে পাকা ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বোয়ালী এলাকায় খালের বাঁধ ভেঙে যায়। এতে পুরো বিল তালিয়ে গেছে। কয়েক শত বিঘা ধানের জমি ডুবে গেছে। নিরূপায় হয়ে কৃষকরা ডুবে থাকা আধা পাকা ধান কেটে ডাঙ্গায় তুলছে। অনেক জমির ধান ইতোমধ্যে পানির নিচে চলে গেছে।

আরো পড়ুন:

উপজেলার চাপাইর ইউনিয়নের চানপাত্তা বিল, মৌচাক ইউনিয়নের মকস বিল ও কালিয়াদহ বিলেও শত শত বিঘা ধানের আবাদ রয়েছে। কয়েক দিনের মধ্যে এ সব ধান কাটার উপযোগী হবে। এ সব ফসলি জমিতে পানি ঢুকেছে। স্থানীয় কৃষকরা বলছেন, দ্রুত বাঁধ নির্মাণ না করা হলে হাজার হাজার মণ ধান পানিতে ডুবে নষ্ট হয়ে যাবে।

উপজেলার কৌচাকুড়ি এলাকার কৃষক জালাল উদ্দীন বলেন, এখনো অনেক ক্ষেতে ধান পাকেনি৷ বিলে পানি ঢুকতে শুরু করেছে। এরমধ্যে যদি বৃষ্টি নামে তাহলে আরো বিপাকে পড়তে হবে।

আমদাইর গ্রামের শাহিন বলেন, হঠাৎ করে বিলে পানি ডুকেছে। এখন ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। বগুড়া থেকে কয়েকজন শ্রমিক এসেছে। তারা বুক পানিতে নেমে ধান কাটছে।

কালিয়াকৈর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিক আহমেদ ফাতাহ বলেন, আকস্মিক বৃষ্টিপাতের কারণে পানি বেড়েছে। মাছের চাষের কারণে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া হয়েছে। এতে পানি প্রবাহে বাধা পায়। কৃষি কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। কৃষকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ক্ষেতের ৭০-৮০ শতাংশ ধান পাকলে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘‘ফসল রক্ষায় স্থানীয় ইউপি চেয়ারম্যানদের অবগত করেছি। যেখানে বাঁধ নির্মাণ করা দরকার, সেখানে বাঁধ নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও সমস্যা হলে দ্রুত পদক্ষেপ নেবো।’’

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়