ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনসিপিতে যোগ দিলেন বৈছাআ, এবি পার্টি ও আপ বাংলাদেশের ৪৩ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:১৩, ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিলেন বৈছাআ, এবি পার্টি ও আপ বাংলাদেশের ৪৩ নেতাকর্মী

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ৪৩ নেতাকর্মী।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন মাধ্যমে এনসিপিতে যোগ দেন তারা।

আরো পড়ুন:

এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন।

নতুন রাজনৈতিক দলটিতে আরো যোগ দিয়েছেন— শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইট প্রমুখ। 

আলী আহসান জুনায়েদ বলেছেন, “আমরা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্রের পরিবর্তন আনতে চেয়েছি। আমরা দেশটাকে সাধারণ মানুষের জন্য গড়তে চেয়েছি। বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, সংস্কারের প্রশ্নে জনগণের মধ্যে হতাশা কাজ করছে৷ আমরা যেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, সেজন্য এনসিপিতে যোগ দিলাম৷” 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “কে আগে কোন দল বা সংগঠন করে এসেছে, দেখার বিষয় না। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ ইভেন ছাত্রলীগ হোক; আজকে থেকে যে এনসিপিতে এসেছে, সে এনসিপির হয়ে কাজ করবে। তবে, ফ্যাসিস্ট, গণহত্যাকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ—এসব ব্যক্তি এনসিপিতে আসতে পারবে না, থাকতে পারবে না।”

তিনি বলেন, “যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণা করে আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগাতে চাই।”

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়