ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৭ কর্মদিবসে ৩ বিষয়ের সুরাহা চায় ইবির বিএনপিপন্থি শিক্ষক-কর্মকর্তা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:২৩, ১৯ এপ্রিল ২০২৬
৭ কর্মদিবসে ৩ বিষয়ের সুরাহা চায় ইবির বিএনপিপন্থি শিক্ষক-কর্মকর্তা

জাতীয় পতাকা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেনবিএনপিপন্থি শিক্ষক-কর্মচারীরা।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা সংশ্লিষ্টদের শাস্তি এবং শিক্ষিকা রুনা ও শিক্ষার্থী সাজিদ হত্যার ঘটনায় সাত কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দেন।

আরো পড়ুন:

সমাবেশে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, শাখা ছাত্রদল এবং বিএনপিপন্থি কর্মকর্তা সমিতির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

ইউট্যাবের সভাপতি অধ্যাপক তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক একেএম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফারুকুজ্জামান খান, সাবেক সভাপতি অধ্যাপক নজিবুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মিজানূর রহমান, সিনিয়র অধ্যাপক আলীনূর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ও জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম মাহফুজসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়া, অনলাইনে যুক্ত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক এমতাজ হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, “জাতীয় পতাকাকে পদদলিত করা এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক কাজ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতরা প্রকৃত ছাত্র হতে পারে না।” তারা অভিযোগ করেন, কিছু গোষ্ঠী বিভিন্ন আন্দোলনের নামে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষিকা আসমা সাদিয়া রুনা ও শিক্ষার্থী সাজিদের হত্যার বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সময় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে ড. তোজাম্মেল হোসেন বলেন, “আগামী সাত কর্মদিবসের মধ্যে শিক্ষিকা রুনা ও শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার এবং জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার ঘটনায় দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়