ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অ্যামোনিয়া সংকটে ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:৫০, ১৯ এপ্রিল ২০২৬
অ্যামোনিয়া সংকটে ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ

অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

কারখানা সূত্র জানায়, গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে পাশের দুটি কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই দুই কারখানা থেকেই ডিএপি কারখানায় নিয়মিত অ্যামোনিয়া সরবরাহ করা হতো।

সংশ্লিষ্টরা জানান, অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম চালু করা সম্ভব হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।

আনোয়ারায় অবস্থিত কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ টন, দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) মিলিয়ে। শনিবার রাত থেকে সেই উৎপাদন পুরোপুরি বন্ধ আছে।

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়