ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে সিরিজ জিততে পারলে হবে বিশাল ব্যাপার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৯ এপ্রিল ২০২৬  
বাংলাদেশে সিরিজ জিততে পারলে হবে বিশাল ব্যাপার

বাংলাদেশকে চমকে দিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দাপট দেখিয়ে জিতেছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে। আগামীকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডে। পরের ওয়ানডে চট্টগ্রামে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের আনুষ্ঠানিকতা সারতে চায় অতিথিরা। তাদের বিশ্বাস, নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারলে চট্টগ্রামে যাওয়ার আগেই তারা সিরিজ নিশ্চিত করতে পারবে। আর যদি সিরিজ জিতে যায় তা বিশাল ব্যাপার হবে বলে মন্তব্য করেছেন দলটির পেসার নাথান স্মিথ।

হ্যাঁ, এটা বিশাল ব্যাপার হবে। আমার মনে হয় বাংলাদেশ খুবই শক্তিশালী দল নামিয়েছে। আর নিউ জিল্যান্ডে আমরা সবসময় বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াকে গুরুত্ব দিই, এবং এই মুহূর্তে আমাদের ক্রিকেটে দারুণ গভীরতা রয়েছে। তাই যখন আমরা পূর্ণ শক্তির দল না থাকা সত্ত্বেও এমন কিছু খেলোয়াড়কে এখানে নিয়ে আসি, তখন তাদের এই ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা দেওয়া এবং তারা যদি ভালো করে ও সফল হয়, সেটা আমাদের স্কোয়াডের গভীরতা আরও বাড়ায় এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাসও অনেক বৃদ্ধি পায়।’’

আরো পড়ুন:

নিউ জিল্যান্ড ক্রিকেটের জন্য এখানে এসে খেলা, বিশেষ করে এমন কন্ডিশনে খেলা যেগুলো আমাদের জন্য একেবারে পরিচিত নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই এসব ভিন্ন কন্ডিশনে খেলতে এবং কীভাবে কার্যকর হওয়া যায় সেটা খুঁজে বের করতে। তাই এখানে এসে যেভাবে আমরা সেদিন বাংলাদেশকে চাপে ফেলেছিলাম, সেটা আমাদের জন্য খুবই সন্তোষজনক ছিল। তাই হ্যাঁ, যদি আমরা এই সিরিজটা জিততে পারি, তাহলে সেটা আমাদের জন্য বিশাল অর্জন হবে।’’ - যোগ করেন স্মিথ।

প্রথম ম্যাচে বাংলাদেশ নিজেদের কন্ডিশনে ভুগেছে। স্পিন, পেস অ্যাটাকের মায়াজালে আটকে নিউ জিল্যান্ডকে ম্যাচটা স্রেফ উপহার দিয়ে এসেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পেছনের গল্প জানাতে গিয়ে স্মিথ বলেছেন, ‘‘এটা মূলত প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের কাছ থেকে পাওয়া তথ্য আদান-প্রদানের ফল। উইকেট সম্পর্কে তাদের পর্যবেক্ষণ আমাদের কাছে পৌঁছাচ্ছিল, আর আমরা সাইড থেকেও সেটা দেখতে পাচ্ছিলাম। শরিফুলের প্রথম বলটা নিচু হয়ে গিয়েছিল এবং প্রায় নিকলসকে বোল্ড করে ফেলেছিল। সেখান থেকেই আমরা বুঝতে পারছিলাম, শরিফুল যে লেংথে বল করছিল, আমরা সেই লেংথটাই হিট করার চেষ্টা করছিলাম। আমরা যতক্ষণ সম্ভব সেটাই ধরে রাখার চেষ্টা করেছি, স্টাম্পে বল রেখেছি। উইকেটে কিছুটা অসমান বাউন্স ছিল, আর পরে দেখেছেন টিকনার কয়েকটা স্লোয়ার বল করেছে যেগুলো উইকেটে এসে থেমে যাচ্ছিল। তাই মূল ব্যাপার ছিল তথ্যগুলো বোলারদের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়া, আর আমরা দীর্ঘ সময় স্টাম্পে বল রাখতে পেরেছি এবং সফলতাও পেয়েছি।’’

বাংলাদেশে সবশেষ সিরিজেও নিউ জিল্যান্ড জিতেছিল। দ্বিতীয় ওয়ানডে জিতে তারা সিরিজ জিততে মুখিয়ে। বাংলাদেশ কী পারবে ঘুরে দাঁড়াতে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকাল।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়