ফেনসিডিলসহ আটকের পর পদ খোয়ালেন স্বেচ্ছাসেবক দল নেতা
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন।
সাজেদুল ইসলাম শোয়েব মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে, শনিবার ৭২ বোতল ফেনসিডিলসহ শোয়েবকে আটক করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
শোয়েবের ফেনসিডিলসহ আটকের বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. সাজেদুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।
এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নূর হাসান সুমন স্বাক্ষর করেছেন।
ঢাকা/আমিরুল/রাজীব