পরীমণির ফুরফুরে মেজাজের ভিডিও ভাইরাল
ভাইরাল ভিডিওতে পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমণি। আলোচনায় থাকাটা যেন তার নিত্যনৈমিত্তিক ব্যাপার। ব্যক্তিজীবন কিংবা পেশাগত কাজ, ভক্তদের আগ্রহ সবসময়ই তাকে ঘিরে থাকে। এবার একেবারে ভিন্ন স্বাদের একটি ভিডিও দিয়ে আবারো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে ১৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওতে ধরা পড়ে তার স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত মুহূর্ত। আধুনিক রান্নাঘরে চিংড়ি রান্না করতে দেখা যায় পরীমণিকে।
ভিডিওতে কালো রঙের হাতাকাটা পোশাক, চোখে চশমা আর চুলে ঝুঁটি—একেবারে ঘরোয়া লুকে হাজির হন পরীমণি। তবে রান্না যেন শুধু রান্নাতেই সীমাবদ্ধ থাকেনি। কড়াইয়ে চিংড়ি দেওয়ার আগে হিন্দি জনপ্রিয় গানের তালে হালকা নাচে মেতে ওঠেন পরীমণি। সেই ফুরফুরে নাচের পরই আবার স্বাভাবিক ভঙ্গিতে খুন্তি হাতে রান্নায় মন দেন।
ভিডিওটি প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মন্তব্যেও ধরা পড়ে উচ্ছ্বাস—অনেকে লিখেছেন, রান্নাঘরের এমন আনন্দঘন মুহূর্ত তাদের নিজেদের অভিজ্ঞতার সঙ্গেও মিলে যায়।
এদিকে, অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। সামনে রয়েছে কয়েকটি নতুন সিনেমার কাজও। সব মিলিয়ে পর্দা আর ব্যক্তিজীবন—দুই জায়গাতেই সমানভাবে সরব এই তারকা।
ঢাকা/রাহাত/শান্ত