ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিতাসের নতুন কূপে প্রতিদিন উঠবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ এপ্রিল ২০২৬  
তিতাসের নতুন কূপে প্রতিদিন উঠবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপ খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড-বিজিএফসিএল। কূপ খনন শেষ হলে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

রবিবার (১৯ এপ্রিল) সকালে সদর উপজেলার বুধল এলাকায় তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপের খনন কাজ উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এবং বিজিএফসিএলএর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক লাইলিনজেন্টসহ বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক জানান, নির্ধারিত ২১০ দিনের মধ্যে ৩১ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কূপটি খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৯৪ কোটি ২৫ লাখ টাকা। ৫ হাজার ৬০০ মিটার গভীরতার এ কূপটি দেশের অন্যতম গভীরতম কূপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়