ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে এনসিপিতি যোগ দিলেন দুই শতাধিক নেতাকর্মী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১৯ এপ্রিল ২০২৬  
চাঁদপুরে এনসিপিতি যোগ দিলেন দুই শতাধিক নেতাকর্মী

এনসিপিতে যোগদান অনুষ্ঠান

চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মী। এর মধ্যে মুক্তিযোদ্ধা হচ্ছেন ৩ জন। তারা হলেন মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, ওসমান গণি এবং রমিজ উদদীন।

রবিবার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। গতকাল শনিবার চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিক আয়োজনে এ যোগদান করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

আরো পড়ুন:

জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো যোদ্ধাগণ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

চাঁদপুর জেলা এনসিপি’র আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন, “আমরা চাঁদপুর থেকে এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। যারা দেশের প্রতিটি লড়াই-সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়তে চাই।”

অনুষ্ঠানে সাংগঠনিক সংহতি প্রকাশ করে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, শাহারাস্তি উপজেলার আহ্বায়ক ইমরান হোসাইন, চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, চাঁদপুর সদর পৌর কমিটির আহ্বায়ক শাহ আলম মিজি প্রমুখ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের দলে অন্তর্ভুক্তি। তাদের উপস্থিতিতে হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যোগদানকারী সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জানান, মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেই এনসিপি আগামীর পথ চলবে।

অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে একটি সমৃদ্ধ বাংলাদেশ ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ঢাকা/অমরেশ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়