ঢাবির মুহসীন হলে বিশ্বকাপ প্রদর্শনী ঘিরে দ্বন্দ্ব
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় প্রদর্শনকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। মাঠ ভাড়া নিয়ে কে এই আয়োজন করবে, তা ঘিরে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে।
হল ছাত্রদলের দাবি, তারা এ আয়োজনের জন্য প্রক্টরের অনুমতি পেয়েছে। তবে, হল সংসদের নেতারা বলছেন, “প্রক্টর সরাসরি অনুমতি দেন না, বরং নিরাপত্তা পাস ইস্যু করেন।” তাদের মতে, হল সংসদ কোনো আয়োজন করতে চাইলে সেখানে অন্য কোনো পক্ষের আলাদা আয়োজনের সুযোগ নেই।
অন্যদিকে হল প্রশাসনের ভাষ্য, ছাত্রসংসদ প্রশাসনের অংশ হিসেবে মাঠ ভাড়া নেওয়ার অধিকার রাখে না।
বিষয়টি প্রকাশ্যে আসে ছাত্রদল নেতা মনসুর আহমেদ রাফির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে। শুক্রবার (১৭ এপ্রিল) ফেসবুকে তার পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। খেলাধুলাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের প্রসঙ্গও উঠে আসে আলোচনায়।
গত ৬ এপ্রিল হল সংসদের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ভিপি সাদিক হোসেন ঘোষণা দেন, হল সংসদের তত্ত্বাবধানে মুহসীন হল মাঠে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানো হবে। এর পর ১৭ এপ্রিল ছাত্রদলের পক্ষ থেকে একই ধরনের আয়োজনের ঘোষণা দিয়ে মনসুর রাফি জানান, তারা ইতোমধ্যে প্রক্টরের অনুমতি পেয়েছেন। এ আয়োজনের জন্য ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ, তাদের জার্সি ও সম্মাননা প্রদান এবং অন্তত ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
পরবর্তীতে নিজের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনেও তিনি লিখেন, “ছাত্রদলের সহযোগিতায় মুহসীন হল মাঠে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ প্রদর্শন করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের জোরজবরদস্তি বরদাশত করা হবে না।”
এর আগে দুই পক্ষের এই বিরোধ অভ্যন্তরীণ পর্যায়ে থাকলেও, সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মনসুর আহমেদ রাফি বলেন, “হল মাঠে ফুটবল ম্যাচ দেখানোর বিষয়ে আমরা অনেক আগেই প্রক্টরের কাছে আবেদন করেছিলাম। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুমোদন পেয়েছি। কিন্তু, অনুমোদন ছাড়াই হল সংসদের ভিপি আয়োজনের ঘোষণা দিয়েছেন, যা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।”
ঢাকা/সৌরভ/জান্নাত