ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়া সি‌টি করপোরেশন ও ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:০০, ২০ এপ্রিল ২০২৬
বগুড়া সি‌টি করপোরেশন ও ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তা‌রেক রহমান বগুড়া সি‌টি ক‌র্পো‌রেশনের নামকফলক উন্মোচন ও সিটি কর্পোরেশন ঘোষণা করেন

দীর্ঘ প্রতীক্ষার পর অব‌শেষে বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করল। সোমবা‌র (২০ এপ্রিল) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তা‌রেক রহমান বগুড়া সি‌টি ক‌র্পো‌রেশনের নামকফলক উন্মোচন ও সিটি কর্পোরেশন ঘোষণা করেন। প‌রে তি‌নি সেখানে বৃক্ষ‌রোপণ ক‌রেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে কোর্ট চত্বরে পৌঁছান তিনি। পরে বেলা ১১টা ২০ মিনিটে তি‌নি জজ আদালতে ই-বেইল বন্ড সেবা ও বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।

আরো পড়ুন:

ই-বেইল বন্ড সেবার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করার জন‌্য পা‌য়ে হে‌টে সেখানে পৌঁছান।

সি‌টি ক‌র্পো‌রেশন উদ্বোধন ঘোষণার সময় তিনি সেখা‌নে এক সংক্ষিপ্ত বক্তব‌্য রা‌খেন। প্রধানমন্ত্রী তার বক্ত‌ব্যে বলেন, “বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি সিটি কর্পোরেশন হবে। সিটি কর্পোরেশনের জন্য যেসব সুযোগ-সুবিধা থাকে, সে কাজগুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনও কিছু কাজ বাকি আছে। আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। আজ বগুড়াবাসীর খুশির দিন। এই শহরের রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।”

সি‌টি ক‌র্পো‌রেশ‌নের নামফলক উদ্বোধন শে‌ষে তি‌নি গাবতলীর বাগবাড়ীর উদ্দে‌শ্যে রওনা দেন। সেখানে তি‌নি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে পুনরায় শহরে ফিরে আসবেন। বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

দিনের সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।

ঢাকা/এনাম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়