অচেতন অবস্থায় উদ্ধার করা অভিনেত্রী মারা গেছেন
নাদিয়া ফারেস
মরোক্কান-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস মারা গেছেন। গত ১৭ এপ্রিল ফ্রান্সের প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। এজেন্সি ফ্রান্স প্রেসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটি।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে প্যারিসের একটি সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রী নাদিয়াকে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কোমায় চলে যান। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে নিশ্চিত করেছেন তার কন্যা।
নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা এক বিবৃতিতে বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, শুক্রবার মারা গেছেন নাদিয়া ফারেস। ফ্রান্স এক মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মাকে।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাদিয়া। এর আগে প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে কোমায় রাখা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ১৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন নাদিয়া। তার শৈশব কাটে ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান। ১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও ২০০০ সালে ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
পরবর্তীতে হলিউডে কাজ করেন নাদিয়া। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ সিনেমায় ‘এজেন্ট জেড কিনলার’ চরিত্রে অভিনয় করেন। একই বছরে ‘স্টর্ম ওয়ার্নিং’ সিনেমায়ও অভিনয় করেন। দুটো সিনেমা মুক্তির পর বিশ্বব্যাপী দর্শকদের কাছে আরো পরিচিত হয়ে ওঠেন তিনি।
ঢাকা/শান্ত