বজ্রপাতে আধাঘণ্টা ঘরে থাকার পরামর্শ
বজ্রপাতের সময় কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিনটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে, তবে রাজধানী ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থেকে গরম আবহাওয়া বিরাজ করতে পারে।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল থেকে দিনের বেশিরভাগ সময় রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নাই, তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।
পূর্বাভাসে আরো বলা হয়, এ সময়ের মধ্যে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে
সোমবার (২০ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় দেশের তিন অঞ্চলে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে জানিয়েছে, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার কিছু স্থানে ২০ এপ্রিল বেলা ১১টার মধ্যে ঝোড়া হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, রংপুর জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তারা সতর্ক করে বলেছে, বজ্রপাতের শব্দ শোনা গেলে তা বিপজ্জনক সীমার মধ্যেই বজ্রপাতের উপস্থিতি নির্দেশ করে। এ অবস্থায় বজ্রপাতের সর্বশেষ শব্দ শোনার পর অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে, অর্থাৎ ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা