প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান তিনি। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন নিজের পৈত্রিক বাড়িতেও। বিকেলে রয়েছে বিএনপি আয়োজিত জনসভা। এসব কর্মসূচি শেষ করে রাতে আবারও সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে পৌঁছে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।
এরপর সড়কপথে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে বেলা পৌনে একটায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
বেলা দেড়টায় প্রধানমন্ত্রী বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা পৌনে দুইটায় প্রধানমন্ত্রী বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে সড়কপথে বগুড়া রওনা হবেন।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রী বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। এছাড়া, তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ফেরার পথে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন।
ঢাকা/এনাম/ইভা