যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মানেই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা: ইরান
ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি
ওয়াশিংটনের সঙ্গে চলমান বা সম্ভাব্য যেকোনো আলোচনাকে নিয়মতান্ত্রিক কোনো কূটনৈতিক বৈঠক নয়, বরং ‘যুদ্ধক্ষেত্রের একটি বর্ধিত অংশ’ হিসেবেই দেখে তেহরান। সোমবার (২০ এপ্রিল) ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। খবর আল-জাজিরার।
ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনায় তেহরান অংশগ্রহণ করবে কি না- এমন প্রশ্নের জবাবে আজিজি স্পষ্ট করে বলেন, “ইরান সবসময় তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়।” দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, ইরান তার সবটুকুই করবে বলে তিনি জানান।
আলোচনাকে একটি ভিন্ন মাত্রায় ব্যাখ্যা করে আজিজি বলেন, “আমরা বর্তমান আলোচনাকে যুদ্ধক্ষেত্রেরই ধারাবাহিকতা হিসেবে দেখি। এর বাইরে আলোচনার আমাদের কাছে অন্য কোনো তাৎপর্য নেই।”
তিনি আরো উল্লেখ করেন, যদি এই আলোচনা থেকে এমন কোনো ফলাফল আসে যা যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যগুলোকে টিকিয়ে রাখতে সাহায্য করে, তবেই ইরান এই সুযোগটি গ্রহণ করবে।
তবে এই আলোচনার সাফল্যের বিষয়ে ইরান সতর্ক। আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র তাদের জবরদস্তিমূলক আচরণের মাধ্যমে অতিরিক্ত কোনো দাবি চাপিয়ে দিতে চায়, তবে ইরান সেই আলোচনায় বসার কোনো প্রয়োজন মনে করবে না।
ঢাকা/ফিরোজ