কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে। অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ মে) রাতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় পরিচালিত অভিযানে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এই অভিযানের সত্যতা নিশ্চিত করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নদীতীরবর্তী স্থানে অবৈধ জাল মজুদ করে আসছিল। অভিযানের সময় একটি গোডাউন ছাড়াও মালিকানাবিহীন অবস্থায় থাকা দুটি ট্রাক থেকে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। সব মিলিয়ে ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে।
পরে জব্দ করা জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়। সংশ্লিষ্টরা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জাটকা নিধন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/রেজাউল/ফিরোজ