ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান, আটক ২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৫ মে ২০২৬   আপডেট: ১০:৪০, ২৫ মে ২০২৬
জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান, আটক ২০

জঙ্গল সলিমপুরে অভিযানে অংশ নেওয়া র‌্যাব সদস্যরা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর চলমান অভিযানে ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৪ মে) মধ্যরাত থেকে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এ অভিযান শুরু হয়। আটক ব্যক্তিরা র‌্যাব ক্যাম্পে হামলার সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। 

সোমবার (২৫ মে) সকালে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান চলমান আছে বলে জানিয়েছেন।

আরো পড়ুন:

আরো পড়ুন: জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো জঙ্গল সলিমপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন পাহাড়ি পথ ও প্রবেশমুখে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুর্গম এলাকায় অভিযান চালাতে তাদের অনেক জায়গায় পায়ে হেঁটে যেতে হয়েছে।

স্থানীয় সূত্র ও ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা জানান, রবিবার মধ্যরাতে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরে সদ্য নির্মাণাধীন পুলিশের ক্যাম্পে হামলা চালায়। এ সময় একটি পুরোনো ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের ব্যস্ত রেখে পাশে নির্মাণাধীন র‌্যাবের ক্যাম্পে বুলডোজার দিয়ে হামলা চালানো হয়। এতে নতুন ক্যাম্পটি প্রায় পুরোপুরি গুঁড়িয়ে যায়।
ঘটনাস্থলে পড়ে থাকা একটি বুলডোজার যৌথবাহিনী জব্দ করে। ধারণা করা হচ্ছে, এটি ব্যবহার করে ক্যাম্পটি ভাঙচুর করা হয়েছে। 

অভিযান সংশ্লিষ্টরা জানান, হামলার পরপরই যৌথ বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। বর্তমানে বিভিন্ন পাহাড়ি টিলা ও আশপাশের এলাকায় তল্লাশি চলছে। শহর থেকে জঙ্গল সলিমপুরে প্রবেশের পথেও সন্ত্রাসীদের বাধা সৃষ্টি করার চিত্র দেখা গেছে। বিশেষ করে আলীনগর এলাকায় বিভিন্ন স্থানে রাস্তা কেটে ও মাটি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, মূল শহর থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে অভিযান এলাকায় প্রবেশ করতে হয়েছে তাদের।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে বিবেচনা করা হতো। অভিযোগ রয়েছে, পাহাড় কেটে বসতি গড়ে তুলে সেখানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। সম্প্রতি যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। এরপর সরকার সেখানে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগার ও স্থায়ী নিরাপত্তা স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নতুন ক্যাম্প স্থাপনের কাজ চলছিল বলে জানা গেছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, অভিযানে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়