প্রধানমন্ত্রীর দরবারের ঘটনায় ব্যাখ্যা দিল আনসার-ভিডিপি
ফাইল ফটো
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘গাজীপুরে প্রধানমন্ত্রীর দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
রবিবার (২৪ মে) বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ঘটনার ব্যাখা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেদনে যাদের ‘আনসার সদস্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা মূলত স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর সদস্য। তারা কোনোভাবেই প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে অংশগ্রহণকারী অনুমোদিত জনবলের অন্তর্ভুক্ত ছিলেন না। প্রধানমন্ত্রীর দরবারে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা যাচাই ও নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হয়। শুধুমাত্র, যথাযথ নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত সদস্য-সদস্যাদেরই সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট তিন ব্যক্তি ওই দরবারে অংশগ্রহণের জন্য অনুমোদিত ছিল না। এমনকি ওই দিনের অন্য কোনো অনুষ্ঠানেও তাদের প্রবেশ বা অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। তারা কোনো কর্মসূচিতেই অংশগ্রহণ করেননি। এ ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহিনীর সদস্য-সদস্যাসহ অনুষ্ঠানসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিকেও সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠান সমাপান্তে তিন স্বেচ্ছাসেবী সদস্যের কর্মকাণ্ডের বিস্তারিত অনুসন্ধানে সন্দেহজনক সম্পৃক্ততার তথ্যাদি উদঘাটিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এটি অত্যন্ত স্পষ্ট যে, দরবার অনুষ্ঠানে সরাসরি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নয়; বরং অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যারাকে অবস্থান করে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বিঘ্নিত করার সুনির্দিষ্ট ষড়যন্ত্র, উসকানি এবং বাহিনী পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনানুযায়ী পরবর্তীতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আনসার জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর দরবারে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য-সদস্যাদের প্রতিনিধিরা যথাযথ নিয়ম-কানুন ও নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অংশগ্রহণ করেন। এ সময় বাহিনীর সদস্যদের যৌক্তিক দাবি বাহিনীর প্রচলিত বিধি-বিধান ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে যথাযথভাবে উপস্থাপন করা হয়।
ঢাকা/এমআর/মাসুদ
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান