ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে এলেঙ্গা-যমুনা সেতু মহাসড়কে ৪ লেনের সুবিধা পাচ্ছেন যাত্রীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২৫ মে ২০২৬   আপডেট: ০৯:০০, ২৫ মে ২০২৬
ঈদে এলেঙ্গা-যমুনা সেতু মহাসড়কে ৪ লেনের সুবিধা পাচ্ছেন যাত্রীরা

ফাইল ফটো

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব গোলচত্বর পর্যন্ত মহাসড়কে ৪ লেনের সুবিধা চালু করা হয়েছে। সার্ভিস সড়ক ও মূল সড়কের সমন্বয়ে উত্তরবঙ্গ-ঢাকামুখী যানবাহন এখন যানজট ছাড়াই চলাচল করছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

রবিবার (২৪ মে) সেতু বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় মহাসড়কের এই অংশে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে। এর অংশ হিসেবে নির্মিত ২ লেনের সার্ভিস সড়ক এবং বিদ্যমান ২ লেনের মূল সড়ক সফলভাবে সমন্বয় করা হয়েছে। ফলে পুরো অংশে কার্যত ৪ লেনের সুবিধা নিশ্চিত হয়েছে।

আরো পড়ুন:

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “বিগত বছরগুলোতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অংশটি উত্তরবঙ্গগামী ঈদযাত্রার অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। এবার ৪ লেন সচল করায় উত্তরবঙ্গ ও ঢাকামুখী উভয় প্রান্তের যানবাহন কোনো ধরনের কৃত্রিম যানজট ছাড়াই স্বাভাবিক গতিতে চলছে। যমুনা সেতুর পূর্ব গোলচত্বর থেকে ইব্রাহিমাবাদ রেল স্টেশন পর্যন্ত ২ লেনের ৭০ মিটার রিজিড পেভমেন্ট সড়কও যান চলাচলের জন্য প্রস্তুত।”

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক মো. ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, “এলেঙ্গা বাজার ফ্লাইওভার এলাকায় উভয় পাশে ২ লেন করে সড়ক ৪ লেনে প্রশস্ত করা হয়েছে। পর্যাপ্ত বাস-বে নির্মাণের ফলে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে যে যানজট হতো, তা এবার এড়ানো সম্ভব হবে। রাতের বেলা চালকদের সুবিধার্থে রিফ্লেকটিভ স্টিকারসহ বাঁশের খুঁটি ও টেকসই কংক্রিট ডিভাইডার বসানো হয়েছে।”

ঈদে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে মাঠ পর্যায়ের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রকল্প প্রকৌশলীরা সার্বক্ষণিক তৎপর থাকবেন বলে জানান তিনি।

উত্তরবঙ্গমুখী যানবাহন ২ লেনের নতুন সার্ভিস সড়ক দিয়ে এবং ঢাকামুখী যানবাহন বিদ্যমান ২ লেনের মূল সড়ক দিয়ে চলছে। এলেঙ্গা বাজার এলাকায় উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী উভয় লেনের জন্য পৃথক ২টি স্থায়ী বাস-বে ও একাধিক পয়েন্টে অতিরিক্ত বাস-বে সচল করা হয়েছে। জলাবদ্ধতা এড়াতে ড্রেন নির্মাণ করা হয়েছে।

ঈদ উপলক্ষে পদ্মা সেতু ও যমুনা সেতু এলাকায় টোল কালেক্টরদের প্রশিক্ষণ, ইটিসি (ETC) চালু, সার্বক্ষণিক মনিটরিং, ৩টি রেকার মোতায়েন, জরুরি টোল লেন, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম প্রস্তুত রাখাসহ ১৫টির বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অংশে বর্তমান অবকাঠামো ও গৃহীত পদক্ষেপের ফলে আসন্ন ঈদে যানজটের আশঙ্কা নেই।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়