ঈদযাত্রা
সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও নেই ভোগান্তি
রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষারত যাত্রীরা।
ঈদুল আজহাকে কেন্দ্র করে সায়েদাবাস বাস টার্মিনাল থেকে স্বস্তিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
কাউন্টারগুলোতে চাপ কম থাকায় যাত্রীরা স্বস্তিতে টিকিট সংগ্রহ করে বাড়ি যাচ্ছেন। বিশেষ করে স্কুল ছুটি হওয়ায় অনেকে পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। তারা আজকে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।
রবিবার (২৪ মে) সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এ সময় এখনো যাত্রীচাপ কম। কাউন্টার সংশ্লিষ্টরা জানান, সোমবার (২৫ মে) ঈদযাত্রার প্রকৃত চাপ শুরু হবে। যাত্রীচাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বরিশালগামী যাত্রী আব্দুল ওহাব বলেন, “এবার কোনো ঝামেলা ছাড়াই টিকিট পেয়েছি। টার্মিনালেও বেশি ভিড় নেই। যদি রাস্তায় যানজট না থাকে, তাহেলে আশা করছি, স্বস্তিতেই বাড়িতে পৌঁছে যাব।”
নোয়াখালীগামী যাত্রী তানিয়া আক্তার বলেন, “ঈদের কয়েকটি দিন বাকি। বাচ্চাদের স্কুল ছুটি হওয়ায় আজ গ্রামের বাড়ি যাচ্ছি। অন্যান্য বছরের মতো টিকিটের জন্য এবার দৌড়াদৌড়ি করতে হয়নি, এটি বড় স্বস্তি।”
সায়েদাবাদে হানিফ পরিবহনের কাউন্টার কর্মকর্তা মো. সোহেল জানান, এখন পর্যন্ত যাত্রীদের চাপ স্বাভাবিক আছে। ২৫ মে থেকে অগ্রীম টিকিটের যাত্রী বাড়তে পারে। তখন টার্মিনালে চাপ বাড়বে।
শ্যামলী পরিবহনের প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, “সরকার নির্ধারিত ভাড়াতেই টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীরা এখন স্বস্তিতে যাতায়াত করছেন। তবে ঈদের দু’তিনদিন আগে চাপ কয়েকগুণ বেড়ে যাবে।”
ঢাকা/এএএম/মাসুদ
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান