ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লুইজিয়ানায় নিজের সাত সন্তানসহ আট শিশুকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:১৩, ২০ এপ্রিল ২০২৬
লুইজিয়ানায় নিজের সাত সন্তানসহ আট শিশুকে হত্যা

শ্রিভপোর্টের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানার শ্রিভপোর্টে এক বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত হয়েছে, যাদের মধ্যে সাতজনেই তার নিজের সন্তান। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। পরে পুলিশের অভিযানে ওই হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার। 

শ্রিভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, স্থানীয় সময় রবিবার (১৯ এপ্রিল) সকালে দুটি বাড়িতে এই হামলা চালানো হয়। নিহত শিশুদের বয়স এক থেকে ১২ বছরের মধ্যে। আহত দুই প্রাপ্তবয়স্কের মধ্যে একজন সন্দেহভাজন ওই ব্যক্তির সন্তানদের মা।

আরো পড়ুন:

বোর্ডেলনের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি শামার এলকিন্স পুলিশের অভিযানে নিহত হন। তিনি জানান, এলকিন্স অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় পুলিশ কর্মকর্তারা গুলি চালালে এলকিন্স নিহত হন।

এই সহিংস ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেননি তদন্তকারীরা। তবে বর্ডেলন বলেন, এটি ‘সম্পূর্ণ পারিবারিক বিরোধজনিত ঘটনা’ বলেই মনে হচ্ছে।

এলকিন্স এর আগে ২০১৯ সালে একটি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তবে তার বিরুদ্ধে আগে কোনো পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল না।

শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো বলেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি; সম্ভবত আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনা।”

মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভ-এর তথ্য অনুযায়ী, শ্রিভপোর্টের এই ঘটনা বাদেও চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত ১১৯টি এলোপাতাড়ি গুলিবর্ষণ হয়েছে। এতে এখন পর্যন্ত ১১৭ জন নিহত হয়েছে (যার মধ্যে ৭৯ জন শিশু) এবং ৪৫৮ জন আহত হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়