ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাহমুদউল্লাহ প্রাইম ব্যাংকে, মোস্তাফিজুরের দলবদল অনিশ্চিত!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৭, ১৯ এপ্রিল ২০২৬   আপডেট: ০০:৫৮, ১৯ এপ্রিল ২০২৬
মাহমুদউল্লাহ প্রাইম ব্যাংকে, মোস্তাফিজুরের দলবদল অনিশ্চিত!

যত হাকডাক, সবই ছিল মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঘিরে। ঢাকা ক্লাব ক্রিকেটের দলবদলের যে পুরোনো ঐতিহ্য, সেটুকু তারাই কিছুটা ধরে রেখেছিল। নতুন ক্রিকেটারদের বরণ করতে স্লোগানে মুখর ছিল সমর্থকেরা। পতাকা উড়েছে, মিষ্টি বিলি হয়েছে, আর তাতেই তৈরি হয়েছিল সামান্য হলেও এক টুকরো উচ্ছ্বাস।

বাকি সাত দল যারা শনিবার দলবদলে মিরপুরের সিসিডিএম অফিসে গিয়েছিল নিভৃতে, নিশ্চুপে আনুষ্ঠানিকতা সেরেছে। ১২ দলের মধ্যে মোট ৮ দল শনিবার দলবদল করেছে। সব মিলিয়ে ক্রিকেটারদের সংখ্যা ছিল ৭৯ জন। 

এদিন দলবদলে সবচেয়ে বড় নামটা ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে গেছেন মাহমুদউল্লাহ। দলবদলের প্রথম দিন মোহামেডান ১১ ক্রিকেটারকে নিজেদের তাঁবুতে ভিড়িয়েছে। এর মধ্যে এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, তাইবুর পারভেজ, রিশাদ হোসেন, আফিফ হোসেন রয়েছেন। 

তবে তারা মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। জাতীয় দলের বাঁহাতি পেসার এবার কোন দলে খেলবেন তা এখনও নিশ্চিত না। প্রথম দিন তার দলবদল হয়নি। তার হয়ে কেউ টোকেনও নেয়নি। আজ তার নামে কোনো টোকেন না নিলে পরবর্তীতে মোহামেডানে খেলতে পারবেন তিনি। তবে টোকেন নিলে তার অন্য দলে যাওয়ার সুযোগ থাকবে। গতবার মোহামেডানের হয়ে ৪ ম্যাচ খেলেছিলেন তিনি। 

লিটন দাসের দলবদল আজ হবে। তার গতবারের টিম ছিল গুলশান ক্লাব। পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়াতে লিটন কোনো ক্লাবের হয়ে শুরুতে খেলতে আগ্রহী ছিলেন না। পরে তামিম ইকবালের গুলশানের ক্লাবে খেলেন কয়েক ম্যাচ। এবারও উচ্চমূল্য চেয়ে বসে আছেন তিনি। তাকে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

গতবারের চ্যাম্পিয়ন আবাহনী সাব্বির রহমান রুম্মান, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম, সৌম্য সরকারকে দলে নিয়েছে। ঢাকা লেপার্ডস মোহাম্মদ মিঠুন, মোমিনুল হক, জাকির হাসানকে দলে নিয়েছে। এছাড়া প্রাইম ব্যাংক আবু হায়দার রনি, আকবর আলী, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিবকে নিজেদের দলে পেয়েছে।

ঢাকা লিগ হবে কি হবে না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত অ্যাডহক কমিটির সভাপতি তামিম ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের দূরত্ব কমিয়ে লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত জানান। মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা লিগ। 

দলবদল কার্যক্রম শেষে মাহমুদউল্লাহ বলেছেন, ‘‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই। ’’

গতবার পারিশ্রমিকে ছাড় দিয়ে ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন। এবার তাই হচ্ছে। যা নিয়ে আক্ষেপ ঝরল মোমিনুলের কণ্ঠে, ‘‘গত বছর আমরা অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলেছি। গত বছরও ছিল (কম), এবারো তাই হয়েছে। অবশ্যই ক্রিকেটারদের জন্য হতাশাজনক। প্রিমিয়ার লিগ দিয়ে যাদের পরিবার চলে তাদের জন্য বেশি হতাশাজনক। তবে খেলা যে অন্তত হচ্ছে এটাও ভালো জিনিস।’’

ফিক্সিং সন্দেহে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। সেই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) দেশের বেশ কয়েকটি ঘরোয়া প্রতিযোগিতায়। এবার ঢাকা লিগ দিয়ে তিনি মাঠে ফিরছেন। সামনের কিছুদিন ফিটনেস নিয়ে কাজ করার কথা জানালেন তিনি, ‘‘আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না এটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে। মানসিক প্রস্তুতি নিয়েছি, কিছুদিন ধরে অনুশীলনও করছি। আশা করি প্রিমিয়ার লিগ শুরুর আগেই শতভাগ প্রস্তুত হয়ে যেতে পারবো।’’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়