ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে বিআরটিএর দিকে তাকিয়ে বাস মালিকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২০ এপ্রিল ২০২৬  
ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে বিআরটিএর দিকে তাকিয়ে বাস মালিকরা

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হলে এর সরাসরি প্রভাব পড়ে পরিবহন খাতে। বিশেষ করে ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাস ও ট্রাক পরিচালনায় ব্যয় বেড়েছে।

এ অবস্থায় ভাড়া সমন্বয়ের দাবি তুলেছেন বাস মালিকরা। তারা বলছেন, বাড়তি খরচ বহন করে আগের ভাড়ায় পরিবহন চালানো সম্ভব হচ্ছে না। ফলে ভাড়া পুনর্নির্ধারণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

এমন প্রেক্ষাপটে গতকাল রবিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর সদর দপ্তরে মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। বৈঠকে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর ফলে ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির একটি আলোচনা হলেও তাতে রাজি হননি সড়ক পরিবহন মালিকদের সংগঠনের নেতারা। বৈঠকের সুপারিশ সোমবার(২০ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় তা অনুমোদন করলে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সভায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব তুলে ধরা হয়েছে। প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া বর্তমান কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার দাবি জানানো হয়। আরও বলা হয়, জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি যানবাহনের রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, ইঞ্জিন মেরামতসহ অন্যান্য খরচও বেড়ে গেছে, যা ভাড়ার সঙ্গে সমন্বয় করা জরুরি।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, “সরকার তেলের দাম বাড়ালেও সে অনুযায়ী ভাড়া সমন্বয়ের স্পষ্ট নির্দেশনা এখনো দেয়নি। ফলে বেশি দামে জ্বালানি কিনে পুরোনো ভাড়ায় পরিবহন চালাতে হচ্ছে, যা মালিকদের জন্য চাপ তৈরি করছে।” তিনি দ্রুত এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সরকার জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হলে সরকার বাস ভাড়াও সমন্বয় করেছিল। তখন নগর পরিবহনে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। দূরপাল্লায় ৫১ আসনের বাসের ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বৃদ্ধি করে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করে। যদিও এতে ৪০ আসনের বাসের ভাড়া হয় কিলোমিটারে ২ টাকা ৮৬ পয়সা। 

ঢাকা/এমএসবি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়