ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাম্পে দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২০ এপ্রিল ২০২৬  
পাম্পে দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি 

ছবি: রাইজিংবিডি

দাম বাড়ার পরও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন কমেনি।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর শাহবাগ, রমনা, নীলক্ষেত, তেজগাঁও, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলো ঘুরে দেখা যায়, জ্বালানির জন্য মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বাসের দীর্ঘ লাইন।

আরো পড়ুন:

শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষা করছিলেন সিনিয়র সংবাদকর্মী আবু হেনা রাসেল। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি জ্বালানির জন্য। এভাবে লাইন ধরে জ্বালানি নিতে সময় নষ্ট হচ্ছে।”

রমনা পেট্রোল পাম্প ও সার্ভিস সেন্টারে তেলের জন্য অপেক্ষা করছিলেন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং চালক সালেকেনুর মিশু। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “দাম বাড়লে নাকি লাইন কমে? কই কমল? গত চার ঘণ্টা ধরে এই রোদে দাঁড়িয়ে আছি। তেলের দাম বাড়ায় প্রতিদিনের আয় কমে গেছে, তার ওপর যদি দিনের অর্ধেক সময় পাম্পেই চলে যায়, তবে দিন শেষে ঘরে কী নিয়ে ফিরব? আমাদের দেখার কেউ নেই।”

রাজধানীর নীলক্ষেত মোড়ের পথের ‌বন্ধু ফিলিং স্টেশনের তেলের জন্য অপেক্ষা করছিলেন বিকাশ পরিবহনের চালক আফতাব উদ্দিন। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “বাসের ট্রিপ ধরতে হবে, কিন্তু তেলের লাইনের যে অবস্থা তাতে সময় মতো রওনা দিতে পারব কি না জানি না। তেলের দাম বাড়ায় মালিকরা অস্থির, আর আমরা অস্থির এই জ্যাম আর লাইন নিয়ে। সরকার যদি সরবরাহ না বাড়াতে পারে, তবে দাম বাড়িয়ে লাভটা কী হলো?”

শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনের হিসাবরক্ষক এম এ মান্নান মজুমদার রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা তেল থাকা পর্যন্ত দিচ্ছি। কিন্তু দাম বাড়ার পরও চাপ কমেনি। আমরা ভাবছি এখন হয়তো চাপ কমবে। তবে আশা করি আগামী কয়েক দিনের মধ্যে চিপ কিছুটা কমবে।”

এদিকে, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।

দামে নতুন সমন্বয় অনুসারে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়