ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ, বললেন মনোনয়নবঞ্চিত কনকচাঁপা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:৪০, ২০ এপ্রিল ২০২৬
দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ, বললেন মনোনয়নবঞ্চিত কনকচাঁপা

কনকচাঁপা

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তবে ৩৬ জনের এ তালিকায় নাম নেই কনকচাঁপার। 

দল থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন এই শিল্পী। মনোনয়ন না পেলেও সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন তিনি।

আরো পড়ুন:

কনকচাঁপা বলেন, “প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন, আস সালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনো নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।”

দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন কনকচাঁপা। একইসঙ্গে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানিয়েছিলেন এই শিল্পী।  

এ বিষয়ে কনকচাঁপা বলেন, “গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারো গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করল না। তবু্ও বলি, ‘আলহামদুলিল্লাহ’। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।” 

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাছাই প্রক্রিয়ার বিষয়ে কনকচাঁপা বলেন, “আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশা করি, সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে।”

দেশ ও দশের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে কনকচাঁপা বলেন, “ইনশাআল্লাহ, আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়