ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ২০ এপ্রিল ২০২৬  
বগুড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা ঘোষণা করেন।

দিনব্যাপী বগুড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিচালনা কমিটি, চিকিৎসক ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিশুস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচিকে সরকারের অন্যতম সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। 

তিনি বলেন, “প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে নিয়মিত টিকাদানের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। 

তারা জানান, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীদের জন্য জটিলতা সৃষ্টি করতে পারে। তাই, সময়মতো টিকা নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারী-পুরুষ, শিশুদের অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। 

এর আগে সোমবার বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউজ থেকে পায়ে হেঁটে কোর্ট চত্বরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি জজ আদালতে ই-বেইল বন্ড সেবা উদ্বোধন এবং বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।

পরবর্তীতে তিনি বগুড়া পৌরসভা ভবনে গিয়ে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করেন। সেখানে তিনি বৃক্ষরোপণ করেন।

পরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন এবং বাগবাড়ীতে তার পৈতৃক বাড়ি পরিদর্শনের কথা রয়েছে। এরপর তিনি বগুড়া শহরে ফিরে বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

এছাড়া, সফরের অংশ হিসেবে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করবেন। 

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়